সাগর দত্ত হাসপাতালে বিজেপির মেগা হানা ! “এ আর তৃণমূলের সরকার নয়, কোনো দুর্নীতি চলবে না!” হুঙ্কার অরূপের !

সাগর দত্ত হাসপাতালে বিজেপির মেগা হানা ! “এ আর তৃণমূলের সরকার নয়, কোনো দুর্নীতি চলবে না!” হুঙ্কার অরূপের !

Reported By:- Manoj Das

কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালকে ঘিরে দীর্ঘদিনের দুর্নীতি, দালালচক্র এবং পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে এবার সরব হল বিজেপি। বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা অরূপ চৌধুরী।

বিজেপির অভিযোগ, দীর্ঘ তৃণমূল জমানায় সাগর দত্ত হাসপাতাল দুর্নীতির “আঁতুড়ঘর”-এ পরিণত হয়েছে। রোগী ভর্তি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা, ওষুধ সরবরাহ, এমনকি অস্থায়ী কর্মীদের বেতন বৈষম্য—সব ক্ষেত্রেই চলছে ব্যাপক অনিয়ম।

অরূপ চৌধুরী অভিযোগ করেন, হাসপাতালে রোগী ভর্তি করানোর ক্ষেত্রে সক্রিয় রয়েছে দালালচক্র। টাকার বিনিময়ে রোগীদের বেড পাইয়ে দেওয়া হচ্ছে বলে বহুদিন ধরেই অভিযোগ উঠছিল। পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবায় অতিরিক্ত টাকা আদায় ও ওষুধ সরবরাহ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শুধু তাই নয়, হাসপাতালের অস্থায়ী কর্মীদের “সমকাজে সমবেতন”-এর দাবিকেও সমর্থন জানায় বিজেপি। অরূপ চৌধুরীর দাবি, দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মীরা কম বেতনে অতিরিক্ত কাজ করে চলেছেন, অথচ তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া হচ্ছে না।

এদিন হাসপাতালের সামনে দাঁড়িয়ে অরূপ চৌধুরী কড়া ভাষায় বলেন,
“এখন আর তৃণমূলের সরকার নেই, এটা বিজেপির সরকার। দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হবেন, এটা আমরা মেনে নেব না।”

তিনি আরও বলেন, রোগীর পরিবারদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহার নিয়েও বারবার অভিযোগ উঠছে। রোগীর আত্মীয়দের সঙ্গে মানবিক আচরণ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

এই সমস্ত অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে হাসপাতালের সুপারের কাছে একটি বিস্তারিত ডেপুটেশন জমা দেয় বিজেপি নেতৃত্ব। হাসপাতালের পরিষেবা ও পরিবেশ দ্রুত স্বাভাবিক করার দাবিও জানানো হয়।

বর্তমানে বিষয়টি নিয়ে হাসপাতাল মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার, বিজেপির এই ডেপুটেশনের পর হাসপাতাল প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং দুর্নীতির অভিযোগ নিয়ে কী ধরনের তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Translate »