দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের আত্মহত্যা, ময়নাতদন্তে উত্তেজনা, হাসপাতালে শোভন-কুনাল

দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের আত্মহত্যা, ময়নাতদন্তে উত্তেজনা, হাসপাতালে শোভন-কুনাল

প্রতিবেদনটি প্রেরণ করেছেন: মনোজ দাস

দক্ষিণ দমদম, ২৩ মে: দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস (৫০) আজ শুক্রবার সকালে নিজের বাড়িতে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যানাটমি বিভাগে নিয়ে আসা হয়।

সেখানে ময়নাতদন্ত চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শোভন দেব চট্টোপাধ্যায় ও দক্ষিণ দমদমের বিধায়ক কুনাল ঘোষ। এছাড়াও কামারহাটি পৌরসভার উপ-পৌরপ্রধান তুষার চ্যাটার্জি এবং দক্ষিণ দমদম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জড়ো হন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “একজন জনপ্রিয় কাউন্সিলরের আত্মহত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কী কারণে তিনি এমন পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।” বিধায়ক কুনাল ঘোষ বলেন, “এখনই কিছু বলা ঠিক হবে না। তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় দাস গত কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Translate »