সোদপুরে মাঝরাতে দুষ্কৃতী তাণ্ডব ! কাউন্সিলরের গাড়ি ও পুলিশের নীলবাতি গাড়ি ভাঙচুর ! সিসিটিভি ফুটেজ ফাঁস!

সোদপুরে মাঝরাতে দুষ্কৃতী তাণ্ডব ! কাউন্সিলরের গাড়ি ও পুলিশের নীলবাতি গাড়ি ভাঙচুর ! সিসিটিভি ফুটেজ ফাঁস!

Reported By:- Manoj Das

সোদপুরে কাকভোরে দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পরপর একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ সোদপুরের পিয়ারলেস নগর এবং রাজা রোড এলাকায় এই দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরের অন্ধকারে একটি অটো করে কয়েকজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় পিয়ারলেস নগরে ঢুকে পড়ে। প্রথমেই তারা নিশানা করে পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাসের গাড়িকে। গাড়ির কাঁচ ভাঙা থেকে শুরু করে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি ভাঙা চেয়ার এবং সাইকেলও উদ্ধার হয়েছে, যা দিয়ে গাড়িটি ভাঙার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।

ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। আক্রান্ত কাউন্সিলর স্বপন দাস অভিযোগ করেন, সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে, প্রায় একই সময়ে সোদপুরের রাজা রোড এলাকায়ও দুষ্কৃতীরা হামলা চালায়। শিবাজী সংঘের মাঠের পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের নীলবাতি লাগানো গাড়িকে লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অটো করে এসে কয়েকজন যুবক লাঠি ও রড নিয়ে গাড়ির ওপর হামলা চালায় এবং সামনের কাঁচ ভেঙে দেয়।

স্থানীয় বাসিন্দা মঞ্জু পাল জানান, তিনি নিজের চোখে পুরো ঘটনাটি দেখেছেন এবং এরপর থেকেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

শুধু কাউন্সিলরের গাড়িই নয়, পানিহাটিতে আরও একটি লাক্সারি বাসেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাসটি একটি গ্যারেজে রাখা ছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে কাউন্সিলর স্বপন দাস খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব কৌশিক চ্যাটার্জিও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন।

পরপর গাড়ি ভাঙচুর, বিশেষ করে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসেছে। খড়দহ থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এখন দেখার, এই দুষ্কৃতী চক্রের সঙ্গে কারা জড়িত এবং কত দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে পারে পুলিশ।

Leave a Reply

Translate »