AROICON 2025: প্রতি জেলায় ক্যানসার হাসপাতালের দাবি তুলল চিকিৎসক সমাজ

AROICON 2025: প্রতি জেলায় ক্যানসার হাসপাতালের দাবি তুলল চিকিৎসক সমাজ

Reported By Mahatab Chowdhury

কলকাতা, ২৯ নভেম্বর ’২৫:
একদিকে রাশিয়া যখন দাবি করছে যে তারা ক্যানসারের ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময় ১৩ বছর পর ফের কলকাতা আয়োজন করল দেশের অন্যতম বৃহৎ চিকিৎসা-বিজ্ঞান সংক্রান্ত সমাবেশ— ‘অ্যাসোসিয়েশন অব রেডিয়েশন অনকোলজিস্টস অফ ইন্ডিয়া’ (AROI)-র ৪৫তম বাৎসরিক রাষ্ট্রীয় সমাবেশ ‘এরোইকন ২০২৫’ (AROICON 2025)

এ বছর নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এই মহাসম্মেলনের আয়োজনস্থল। আয়োজকদের দাবি, ইতিমধ্যেই এটি এশিয়ার বৃহত্তম রেডিয়েশন অনকোলজি সমাবেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশ-বিদেশ থেকে প্রায় ২,০০০ চিকিৎসক, বিশেষজ্ঞ ও অতিথি অংশগ্রহণ করছেন এই পাঁচদিনের অনুষ্ঠানমালায়।


প্রতি জেলায় ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

চিকিৎসক সমাজের উদ্বেগ—ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে আয়োজক সংস্থার তরফে সাংগঠনিক সম্পাদক ডাঃ জ্যোতিরূপ গোস্বামী জানান—

“দেশবাসীর স্বার্থে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি—ভারতের প্রতিটি জেলায় অবিলম্বে একটি করে আধুনিক হাসপাতাল গড়ে তুলে সেখানে ক্যানসার বিভাগ চালু করা হোক।”

 

সম্মেলনে ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত রেডিয়েশন থেরাপি, নতুন ওষুধ, বিভিন্ন চিকিৎসা যন্ত্রের আপডেট এবং ভবিষ্যৎ চিকিৎসা কাঠামো নিয়ে আলোচনা হয়। প্রবীণ ও অভিজ্ঞ চিকিৎসকেরা নবীন চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নানা জটিল বিষয়ের উপর আলোকপাত করেন।

শিশু ও অল্পবয়সীদের মধ্যে ক্যানসারের বৃদ্ধি উদ্বেগের কারণ

আগে যেখানে ক্যানসার প্রধানত দেখা যেত—

  • পুরুষদের ক্ষেত্রে: মুখ–গলা, মূত্রাশয়, মূত্রথলি

  • মহিলাদের ক্ষেত্রে: স্তন, জরায়ু-মুখ

  • রক্ত ও অস্থিমজ্জার ক্যানসার

বর্তমানে সেখানে শিশু ও কিশোর বয়সীদের মধ্যে ক্যানসারের প্রবণতা বৃদ্ধি নতুন করে সমাজকে উদ্বিগ্ন করছে।


পরিবেশ দূষণ ও ‘মাইক্রোপ্লাস্টিক’: ক্যানসারের নয়া হুমকি

বিশেষজ্ঞদের মতে ক্যানসারের কারণ শুধু বংশগত বিষয়, তামাক, ধূমপান বা মদ্যপান নয়।
আন্তর্জাতিক চিকিৎসক মহলের পর্যবেক্ষণ—

“অতিরিক্ত পরিবেশ দূষণ এবং শরীরে সূক্ষ্ম প্লাস্টিক কণার উপস্থিতি ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।”

এটি বর্তমান বিশ্বের অন্যতম বড় স্বাস্থ্যসঙ্কট হিসেবে দেখা হচ্ছে।


২৭ নভেম্বর থেকে শুরু, চলছে চারদিনের সম্মেলন

সাংগঠনিক অধ্যক্ষ ডাঃ সুমন মল্লিক জানান—

“গত বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর থেকে ‘এরোইকন ২০২৫’-এর সূচনা হয়েছে। সম্মেলন শেষ হবে আগামীকাল।”


 

অনকোলজি বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত ঝুঁকি ও আধুনিক জীবনযাত্রার প্রভাবে ক্যানসারের হার ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে AROICON 2025 ভারতকে ক্যানসার মোকাবিলায় নতুন দিশা দেখাবে বলেই আশা চিকিৎসক সমাজের।

Leave a Reply

Translate »