Reported By অভিজিৎ হাজরা, খড়িয়প, হাওড়া:
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্য নিয়ে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে হাওড়ার খড়িয়প ইসলামিক সংঘের উদ্যোগে চার দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংগীত, নৃত্য, আবৃত্তি, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে গ্রামের মানুষকে পরিবেশ দূষণ রোধ, বন্যপ্রাণ সংরক্ষণ, বিভিন্ন কীট-পতঙ্গ, জলজ প্রাণী ও সরীসৃপ রক্ষার বিষয়ে সচেতন করতে ডট ফাউন্ডেশন এবং হাওড়া জেলা বনবিভাগের সহযোগিতায় একটি সচেতনতামূলক পদযাত্রা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি কৃষি কাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের সকল স্তরের মানুষের কাছে পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণ রক্ষার গুরুত্ব তুলে ধরা। সুস্থ সমাজ ও সুস্থ পরিবেশ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন দি ক্লাইমেট থিংকারের সভাপতি ডাঃ সৃজন হালদার, প্রাণী বিশেষজ্ঞ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী কুন্তল মুখার্জী, ডট ফাউন্ডেশনের কর্ণধার তথা সভাপতি দীপঙ্কর পোড়েল এবং সংগঠনের সদস্যা ডক্টর রিমা নস্কর।
ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোড়েল বলেন,
“বর্তমান সময়ে পরিবেশ দূষণ, বন উজাড় এবং বন্যপ্রাণের বিলুপ্তি আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। প্রকৃতি ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব, তেমনি মানুষের সচেতনতা ছাড়া প্রকৃতির ভারসাম্য রক্ষা করাও কঠিন। এই উপলব্ধি থেকেই আমাদের এই পদযাত্রার আয়োজন।”
এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং হাতে হাতে পরিবেশবান্ধব বার্তা সম্বলিত ব্যানার নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। “প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো”, “বন্যপ্রাণ রক্ষা করুন”, “জলাভূমি বাঁচাও”, “গাছ লাগান, পৃথিবী বাঁচান”—এই ধরনের বার্তাগুলি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
দীপঙ্কর পোড়েল আরও বলেন,
“আমাদের এই ছোট্ট উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা, যাতে সবাই মিলে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি। সম্মিলিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি ক্লাইমেট থিংকারের সভাপতি ডাঃ সৃজন হালদার, বন দফতরের পক্ষ থেকে সুরজিৎ বক্তা ও সুকমল পাত্র, ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোড়েল, সম্পাদক মহিদূল আলি, প্রাণী বিশেষজ্ঞ কুন্তল মুখার্জী এবং সংগঠনের সদস্যা ডক্টর রিমা নস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।