Reported By:- Binoy Roy
বিধানসভা নির্বাচনের আবহে বড়সড় রাজনৈতিক দাবি করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান Humayun Kabir। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নওদা ও রেজিনগর—দুটি আসনেই তিনি জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী।
Humayun Kabir বলেন, “নওদা ও রেজিনগর—দুটো আসনেই আমি জিতবো। তবে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে একটি আসন ছেড়ে দিতে হবে।”
তিনি আরও জানান, দুই কেন্দ্রের মানুষই তাঁকে চাইছেন, তবে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, সেই আসনে ছয় মাসের মধ্যে উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনেও তাঁর দল জয়ী হবে বলে দাবি করেন তিনি।
নওদা আসনে বিধায়ক হিসেবে থাকার কথাও স্পষ্ট করেন Humayun Kabir। পাশাপাশি ভবিষ্যৎ লোকসভা নির্বাচন নিয়েও বড় ইঙ্গিত দেন তিনি। তাঁর কথায়, “আগামী লোকসভা ভোটে আমি বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে লড়বো। সাংসদ নির্বাচিত হলে নওদা আসনটিও ছেড়ে দিতে হবে।”
এই ঘোষণার মাধ্যমে তিনি শুধু বর্তমান বিধানসভা নির্বাচন নয়, ভবিষ্যৎ লোকসভা নির্বাচনকেও সামনে রেখে রাজনৈতিক রণকৌশল স্পষ্ট করলেন।
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।