নারী শক্তির বিকাশ ও মহিলাদের সামগ্রিক স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা

নারী শক্তির বিকাশ ও মহিলাদের সামগ্রিক স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা

News Desk

কলকাতা: নারী শক্তির বিকাশ ও মহিলাদের সামগ্রিক স্বাস্থ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করল উডল্যান্ডস হাসপাতাল। ক্যালকাটা ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ও সফল মহিলারা অংশগ্রহণ করেন। বিভিন্ন বয়স ও পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

ঠাকুমা হয়ে যাওয়া প্রবীণ ব্যক্তিত্ব প্রোচি এন মেহতার সঙ্গে একই সারিতে বসেছিলেন জেন-জি প্রজন্মের প্রতিনিধি অভিনেত্রী অনুষা ভিশ্বনাথন। বক্তাদের বক্তব্যে উঠে আসে সংসার, স্বাস্থ্য, স্বনির্ভরতা, বিনোদন এবং কর্মজীবী মহিলাদের প্রতিদিনের মানিয়ে চলার অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা।

অনুষ্ঠানের সূচনা করেন উডল্যান্ডস হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. প্রিয়াঙ্কা বেহল স্বাগত ভাষণের মাধ্যমে। এরপর কলকাতা পার্শি ক্লাবের প্রথম মহিলা সভাপতি, একাত্তরটি পদকের অধিকারী খেলোয়াড় ও লেখিকা প্রোচি এন মেহতা কলকাতার পার্শি সম্প্রদায়ের রক্ষণশীল সংস্কারের বিরুদ্ধে তাঁর সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন।

 

মহিলাদের আর্থিক নিরাপত্তা ও বিকাশ প্রসঙ্গে FHPL-এর আঞ্চলিক অধিকর্তা ডা. মেধা ঘুর্গি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং মেডিক্যাল ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জনসংযোগ বিশেষজ্ঞ ও লেখিকা রিতা ভিমানির বক্তব্যে উঠে আসে পরিবারের সবার যত্ন নিতে গিয়ে নিজেদের স্বাস্থ্য নিয়ে মহিলাদের অবহেলার বিষয়টি। তাঁর মতে, এই কারণেই অনেক সময় ক্যানসারের মতো গুরুতর রোগ নির্ণয়ে দেরি হয়ে যায়।


আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালকাটা ক্লাবের মহিলা সভাপতি কস্তুরি রাহা। প্রায় দেড়শ বছরের পুরুষ-শাসিত অভিজাত ক্লাবে নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। মহিলাদের উদ্দেশ্যে তাঁর বার্তা—বর্তমানের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারলেই অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে ভবিষ্যতের সাফল্য অর্জন সম্ভব।

নবীন অভিনেত্রী অনুষা ভিশ্বনাথন মহিলাদের নিজস্ব পরিচয় তৈরি করার আহ্বান জানান। অভিনেত্রী ও মডেল রিচা শর্মাও তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপসা দাশগুপ্ত রায়। উডল্যান্ডস হাসপাতালের ডিরেক্টর নার্সিং সিস্টার টিংকু অধিকারীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

এই উদ্যোগের মাধ্যমে নারী শক্তির বিকাশ, স্বাস্থ্য সচেতনতা এবং মহিলাদের সামগ্রিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয় বলে মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Translate »
error: Content is protected !!